কোনো শ্রেণি-পেশার মানুষ বঞ্চিত হবে না: রিজভী
নিজস্ব সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মানুষের মুখে হাসি ফোটানো এবং কোনো শ্রেণি-পেশার মানুষ যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”
রবিবার (১০ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (আইডিইবি) ৪৫তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জনগণের ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই এই সরকার জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে।”
তিনি বলেন, “নির্বাচনের আগে বিএনপির ৩১ দফা ও বিভিন্ন অঙ্গীকারনামার মাধ্যমে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর যথাযথ বাস্তবায়নে কাজ চলছে।”
কৃষিঋণ মওকুফ, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো উদ্যোগগুলোর কথা উল্লেখ করে রিজভী বলেন, “এগুলো কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।”
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশের উন্নয়নের ভিত্তি নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।” তাদের ন্যায্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন তিনি।
রিজভী আরো বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের মতামত শুনছেন। দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “দেশের প্রাকৃতিক সম্পদ, ঊর্বর জমি ও নদী-খালকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরো সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।” তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা/নজরুল/ইভা