ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসে মুখরিত হাতিরঝিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৪৭, ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে মুখরিত হাতিরঝিল

ছবি: নুরুজ্জামান তানিম

রাজধানীর হাতিরঝিলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল থেকেই এ বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।

আরো পড়ুন:

হাতিরঝিলে গিয়ে দেখা যায়, বিকেলের পর থেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে দলে দলে মানুষ আসতে শুরু করেন। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে ভিড়। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই খোলা আকাশের নিচে আড্ডায় মেতেছেন, কেউ ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবি তুলতে, আবার কেউ একা নিরিবিলি সময় উপভোগ করতে এসেছেন।

বিশেষ করে বোট রাইডিংয়ের জন্য দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে টিকিট সংগ্রহ করতে গিয়ে অনেককেই দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়েছে। এতে কিছুটা ভোগান্তি থাকলেও দর্শনার্থীদের আনন্দে তার প্রভাব পড়েনি। বরং অপেক্ষার মাঝেও হাসি-আনন্দে সময় কাটাতে দেখা গেছে অনেককে।

ঘুরতে আসা একাধিক দর্শনার্থী জানান, ছুটির দিনে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য হাতিরঝিল একটি আদর্শ স্থান। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে খোলা পরিবেশে সময় কাটাতে পারায় তারা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এদিকে, পুরো এলাকাজুড়ে ছিল বিভিন্ন খাবারের দোকানেরও সরগরম উপস্থিতি। দর্শনার্থীদের ফুচকা, চটপটি, বাদাম ও আইসক্রিম খেতে দেখা গেছে। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে এলাকাটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।
মগজবাজার থেকে হাতিরঝিলে ঘুরতে আসা দর্শনার্থী মো. সাকিব হাসান বলেন, “ছুটির দিনে পরিবার নিয়ে একটু খোলা জায়গায় সময় কাটানোর জন্য এখানে এসেছি। পরিবেশটা খুবই ভালো লাগছে, তবে ভিড় একটু বেশি।”

তেজগাঁও থেকে ঘুরতে আসা আরেক দর্শনার্থী নুসরাত জাহান বলেন, “বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বেশ ভালো লাগছে। বিশেষ করে বোট রাইডিং করতে চেয়েছিলাম, কিন্তু টিকিটের জন্য  লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারপরও দিনটা উপভোগ করছি।”

ঢাকা/এনটি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়