ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২৪ মার্চ ২০২৬  
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে সি-১৩০ হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়।

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ১২৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দেশটির পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি সি-১৩০ হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়। 

আরো পড়ুন:

দেশটির বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, বিমানে ১১৪ জন সেনাসদস্য ও ১১ জন ক্রু ছিলেন। 

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এবং সেনাদের বহনকারী ট্রাক ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে আহত সেনাদের হাসপাতালে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করে পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় বিমানটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। পেরু সীমান্তের কাছে ঘটে যাওয়া এ দুর্ঘটনাকে দেশের জন্য গভীর দুঃখজনক বলে উল্লেখ করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনা... হওয়া উচিত ছিল না।” তিনি দীর্ঘ পোস্টে সশস্ত্র বাহিনীর সরঞ্জাম ও বিমান আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়নে ‘আমলাতান্ত্রিক জটিলতা’ বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেন।

তিনি লেখেন, “আর কোনো বিলম্ব হতে দেব না, আমাদের তরুণদের জীবন ঝুঁকিতে রয়েছে।” তবে দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কিছু জানাননি।

গত মাসে বলিভিয়ার পশ্চিমাঞ্চলে ব্যাংকনোট বহনকারী একটি সি-১৩০ হারকিউলিস বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়