যশোরে গাছে ধাক্কা দিল প্রাইভেটকার, নিহত একই পরিবারের ৩
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনি, তার বাবা আব্দুল মজিদ সরদার এবং জনির মেয়ে শেহেরিশ। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় আত্মীয়র বাড়িতে বেড়ানো শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের মনিরামপুরের একই পরিবারের তিনজন। আহত হয়েছেন তিনজন।
সোমবার (২৩ মার্চ) রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের যশোরের গাইদঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার রাস্তার পাশের বটগাছে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছর বয়সী শিশু মেয়ে শেহেরিশ।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন- জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) এবং ছেলে সামিন আলমাস (১০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, প্রাইভেটকারটি চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক জাকারিয়া জনির চোখের ঘুমজনিত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা একটি বটগাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান। স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশু শেহেরিশের মৃত্যু হয়।”
নিহত জনির সহকর্মী রিয়াদ হোসেন জানান, সোমবার সপরিবারে চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জনি। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। বর্তমানে নিহতদের মরদেহ যশোরের মনিরামপুরের বাড়িতে রয়েছে। দাফন প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
ঢাকা/রিটন/মাসুদ