গোপালগঞ্জে ‘বোমা’ বানানোর সময় বিস্ফোরণ, ছাত্র আহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিস্ফোরণে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘বোমা’ বানানোর সময় বিস্ফোরণে মো. মতিউর রহমান মোল্লা (২৫) নামে এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিলফা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
আহত মতিউরের স্বজনরা জানান, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে মতিউরের ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়। পাশাপাশি তার পা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর আঘাত পায়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, আহত ব্যক্তির ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে ধারণা করা হচ্ছে ককটেল বা হাতবোমা হবে। তারপরও বিশষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন।
মতিউরের বাবা মোস্তাক মোল্যার জানান, তার ছেলে গোপালগঞ্জের ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়ালেখা করেছে। পড়ালেখায় তিনি খুবই মনোযোগী।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর মোল্যা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের মুখ, ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঢাকা/বাদল/মাসুদ
ইসরায়েলি পার্লামেন্টে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা, অধিবেশন স্থগিত