তেল আবিবের বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন
ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আধা ঘণ্টা আগে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তারা আরও যোগ করেছে, ‘প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও আপডেট জানানো হবে।’
এদিকে, আল-জাজিরা বলছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিব এলাকার একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য তেল আবিব থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে।
একটি স্থানে, ধ্বংসাবশেষে ভরা একটি জনাকীর্ণ রাস্তায় জরুরি কর্মী ও পুলিশ জড়ো হয়েছে, সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে- একটি গাড়ি কাত হয়ে উল্টে গেছে এবং অন্যগুলো মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলে নতুন দফার এই হামলার কথা নিশ্চিত করেছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, “ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে।”
ঢাকা/ফিরোজ