ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৩ মার্চ ২০২৬  
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন। 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, “মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটার ইতিবাচক সাড়া দিচ্ছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।”

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিষয়টি যেহেতু মস্তিষ্ক-সংক্রান্ত, তাই পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসান, যা ইতিবাচক লক্ষণ। তিনি ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

তিনি আরো বলেন, “তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।”

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর তিনি দুই দিন আইসিইউতে ছিলেন। ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে হাসপাতালে তার পাশে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস।

ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়