মাঠ থেকে ডাগআউটে: নতুন পথে পা বাড়ালেন ডি মারিয়া
ফুটবল মাঠে একের পর এক সাফল্যের গল্প লেখা অ্যাঞ্জেল ডি মারিয়া এবার চোখ রাখলেন নতুন দিগন্তে। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিং জগতেও আনুষ্ঠানিকভাবে প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ তারকা। রোজারিওতে কোচিং কোর্স শেষ করে সনদ অর্জনের মধ্য দিয়ে ভবিষ্যতের নতুন ভূমিকায় নিজের উপস্থিতির ইঙ্গিত দিলেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রশিক্ষণ শাখা এক বার্তায় তার এই অর্জন নিশ্চিত করে শুভেচ্ছা জানিয়েছে। এর জবাবে সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডি মারিয়া, যা তার নতুন অধ্যায়ের প্রতি আগ্রহেরই প্রমাণ।
কেবল একাই নন, ভবিষ্যতে কোচিংয়ে নিজের পাশে দেখতে চান ঘনিষ্ঠ বন্ধু ও দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকে। দুজনের মধ্যে এ নিয়ে বহুবার আলোচনা হয়েছে। পারেদেসও জানিয়েছেন, অবসরের পর ফুটবলের বাইরে থাকার চিন্তা থাকলেও সময়ের সঙ্গে সেই ভাবনা বদলাচ্ছে, আর কোচিং দলে যুক্ত হওয়ার আগ্রহ বাড়ছে।
ডি মারিয়া নিজেও জানিয়েছেন, পারেদেসকে তিনি পরিবারের সদস্যের মতোই দেখেন এবং একসঙ্গে কাজ করার পরিকল্পনা তাদের অনেক দিনের।
২০২৪ সালে মহাদেশীয় আসরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর জাতীয় দলের জার্সি তুলে রাখেন ডি মারিয়া। বর্তমানে তিনি খেলছেন নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে, যেখানে তার ফুটবল জীবনের সূচনা হয়েছিল।
২০২৫ সালে সেই ক্লাবে ফিরে এসে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। দেশীয় লিগে তার দল এখন শীর্ষস্থানের লড়াইয়ে রয়েছে। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ওপরের দিকেই অবস্থান করছে রোজারিও।
কেবল দেশীয় লিগ নয়, সামনে রয়েছে মহাদেশীয় প্রতিযোগিতার কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় আছে রোজারিও। ৯ এপ্রিল ঘরের মাঠে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই যাত্রা।
৩৮ বছর বয়সেও খেলার প্রতি অদম্য আগ্রহ ধরে রাখা ডি মারিয়া এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নতুন ভূমিকায়। মাঠে যেমন ছিলেন সৃজনশীল, তেমনি কৌশলগত দিক থেকেও নিজেকে গড়ে তুলছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই দর্শকরা তাকে শুধু খেলোয়াড় হিসেবে নয়, বরং দলের কৌশল নির্ধারণের দায়িত্বেও দেখতে পারেন।
ঢাকা/আমিনুল
অবহেলার কারণে দৌলতদিয়া ঘাটে প্রাণহানি: ফখরুল