ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার নির্বাচক সামলাবেন রিজিওনাল ক্রিকেটের দায়িত্ব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৫ মার্চ ২০২৬  
চার নির্বাচক সামলাবেন রিজিওনাল ক্রিকেটের দায়িত্ব

গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবার চারজনের নির্বাচক প‌্যানেল গঠন করেছে। আগের কমিটিতে থাকা হাসিবুল হোসেন জায়গা পেয়েছেন নতুন কমিটিতেও। নতুন মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরি। চার সদস্যের এই কমিটির প্রধান হাবিবুল বাশার সুমন। পহেলা এপ্রিল থেকে এই কমিটি দায়িত্ব পালন শুরু করবেন। তবে প্রথমবার চারজনের কমিটি করার পেছনে বড় কারণও আছে। রিজওয়নাল ক্রিকেট পুরোদমে চালু করার প্রক্রিয়ায় আছে বিসিবি। তখন নির্বাচকদের কাজও বেড়ে যাবে। নির্বাচকদের জোন ভাগ করে দিয়ে তাদের কাজ পরিচালনা সহজ করে দেবে বিসিবি।

এরই মধ‌্যে দায়িত্ব বন্টনও হয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব সামলাবেন। হাসিবুল হোসেন শান্ত দায়িত্ব নেবেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের। নাঈম ইসলাম দেখবেন রংপুর ও রাজশাহী বিভাগ, আর নাদিফ চৌধুরী থাকবেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে। বিসিবির এই উদ‌্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ‘‘বিসিবি রিজিওনাল ক্রিকেটের দিকে যাচ্ছে। রিজিওনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো প্রধানের জন্য সবদিকে যাওয়া অসুবিধা। এজন্য অনান‌্য নির্বাচকদের তাদের জোন ভাগ করে দিতে তারা গিয়ে কাজ করবেন পারবেন। এটা বেশ ভালো কাজই হয়েছে।’’

আরো পড়ুন:

তবে হাবিবুলরা বিভাগীয় নির্বাচক নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। তার ভাষ‌্য, ‘‘আমাদের একটা প্রস্তাব ছিল। ডিভিশন ভিত্তিক কোন নির্বাচক দেওয়া যায় কিনা নির্বাচকদের সঙ্গে। তাহলে আরো ভালোভাবে কাজ করতে পারবে। সেটা এখনো হয়নি। সেটা হলে, যে-যে জোনে কাজ করবে সেখানে ওই জোনের নির্বাচকের সঙ্গে একটা বিভাগের নির্বাচক থাকলে তার সঙ্গে ধারাবাহিক যোগাযোগ থাকবে। তাহলে ওই জোনের সব খেলোয়াড়ের দিকে চোখ থাক এবং কোনো খেলোয়াড় মিস হতো না। এখন যেটা হয়েছে সেটাও ভালো।’’

জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ (ওয়ানডে ও লঙ্গার ভার্সন), বিপিএল এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার দল নিয়ে কাজ করেন নির্বাচকরা। সব মিলিয়ে ১৮০-২০০ ক্রিকেটারকে নিয়ে কাজ করতে হয় নির্বাচকদের। দিন দিন তাদের ব্যস্ততা বাড়ছে। বিসিবির মূল লক্ষ্য হলো প্রতিটি অঞ্চল থেকে ধারাবাহিকভাবে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা। জোনভিত্তিক কাজ করার প্রক্রিয়া নিয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘‘আমরা চারটি অঞ্চল ধরে চারজন নির্বাচক নিয়েই কাজ শুরু করছি। জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়া সামলানোর পাশাপাশি তারা নিজ নিজ অঞ্চলের দিকেও নজর রাখবেন। এই প্রক্রিয়াটা সামগ্রিকভাবে আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।’’

‘‘আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি অঞ্চলে শক্ত একটি পাইপলাইন তৈরি করা। যেমন আমরা কেন্দ্রীয়ভাবে জাতীয় দল বা এইচপি একাডেমির জন্য খেলোয়াড় তৈরি করি, ঠিক তেমনি প্রতিটি অঞ্চল থেকেই যেন ধারাবাহিকভাবে খেলোয়াড় উঠে আসে, এটাই আমাদের পরিকল্পনা।’’ – যোগ করেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়