ভুল পায়ে পরীক্ষা, এমবাপ্পেকে ঘিরে রিয়ালের চিকিৎসা ব্যবস্থায় বড় বিতর্ক
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠেছে। রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগ নাকি তার চোট নির্ণয়ে গুরুতর ভুল করেছে। এমনকি ভুল পায়ে এমআরআই স্ক্যান করার ঘটনাও সামনে এসেছে!
ফরাসি গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমবাপ্পের চোট প্রথমে ভুলভাবে নির্ণয় করা হয়। ফলে তার সমস্যা ধরা না পড়ায় তাকে খেলতেও ছাড়পত্র দেওয়া হয়েছিল।
এই ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ারের জন্য ভয়াবহ হতে পারত। এমনকি আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল বলে জানা গেছে।
তবে দীর্ঘদিনের অস্বস্তি কাটাতে এমবাপ্পে নিজেই প্যারিসে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেন। সেখানে হাঁটুর বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনায় চিকিৎসা শুরু করেন তিনি। এই নতুন পদ্ধতিই শেষ পর্যন্ত তাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবং তিনি আবার মাঠে ফিরতে সক্ষম হন।
ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, রিয়ালের মেডিকেল টিম নাকি এমবাপ্পের ভুল পায়ে স্ক্যান করেছিল! ফলে কোনো সমস্যা ধরা না পড়ায় তাকে ‘ফিট’ ঘোষণা করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন এমবাপ্পে নিজেও। প্রতিবেদনে বলা হয়েছে, এই ভুলের জেরেই বছরের শুরুতে চিকিৎসা বিভাগে বড় ধরনের পরিবর্তন আনা হয়।
এই ঘটনার পর তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষকরা। এক ফরাসি ক্রীড়া বিশ্লেষক বলেন, “এটা একেবারেই লজ্জাজনক। এমবাপ্পে না জেনেই খেলছিলেন, এতে তার হাঁটুর বড় ক্ষতি হতে পারত।”
তবে সব বিতর্ক পেছনে ফেলে এখন পুরোপুরি সুস্থ এমবাপ্পে। তিনি নিজেই জানিয়েছেন, “আমি এখন ১০০% ফিট। প্যারিসে সঠিকভাবে পরীক্ষা করিয়ে একটি পরিকল্পনা করেছি, যা আমাকে সেরা ফর্মে ফিরতে সাহায্য করেছে।” তার ফিটনেসের প্রমাণও মিলেছে। জাতীয় দলের আসন্ন ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন তিনি।
চোটের মাঝেও এবারের মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপ্পে। ৩৫ ম্যাচে ৩৮ গোল ও ৬টি অ্যাসিস্ট করে তিনি দলের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন।
ঢাকা/আমিনুল
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা