খাল খননে মিলবে বহুমুখী সুফল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের ঝিনাইকুড়ি খাল খনন কাজের উদ্বোধন করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কাজ করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসনসহ নানা ধরনের সুফল মিলবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় ঝিনাইকুড়ি খাল খনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের সাহাপাড়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঠাকুরগাঁয়ে কার্যক্রম শুরু হয় এবং আজ বোদা উপজেলায় ঝিনাইকুড়ি খালের খনন কাজের উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, এই খাল খননের ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে, সারা বছর পানির প্রবাহ বজায় থাকবে এবং মাছ চাষের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খালের দুই পাড়ে হাঁটার পথ নির্মাণ ও বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা হবে।
উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী নিজ হাতে মাটি কেটে খনন কাজের সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশুতোষ চন্দ্র বর্মন প্রমুখ।
ঢাকা/নাঈম/বকুল