ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের পরে পুঁজিবাজারে বড় পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৬:১৬, ২৪ মার্চ ২০২৬
ঈদের পরে পুঁজিবাজারে বড় পতন

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

আরো পড়ুন:

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকেই সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনে শেষ হওয়া পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৪.৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২.৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯.৩২ পয়েন্ট কমে ২ হাজার ১১.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২১টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

এদিন ডিএসইতে মোট ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৭.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১১৮.২৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৮০ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৫৪.১৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৫৪ পয়েন্ট কমে ৯০৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫২.৮৩ পয়েন্ট কমে ১৩ হাজার ১২৬.০২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়