ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ইসলামিক ফ্রন্টের নেতাসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৪ মার্চ ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ইসলামিক ফ্রন্টের নেতাসহ নিহত ২

মাওলানা হাবিবুল ইসলাম

নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইসলামিক ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা হাবিবুল ইসলামসহ (৩৫) দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশত লোক। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ সংঘর্ষ হয়। নিহত মাওলনা হাবিবুল ইসলাম ও আক্তার মিয়া (৪৫) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার গোয়ালনগর ইউনিয়নের রহিম মিয়া ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা মো. জিয়া মিয়াকে জাল ভোটে প্ররোচনার অভিযোগে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত জিয়াকে ১০ দিনের কারাদণ্ড দেন। জিয়া রহিম মিয়ার সমর্থক। এ ঘটনার জন্য রহিম মিয়ার পক্ষের সমর্থকরা কাশেম মিয়ার পক্ষকে দায়ী করে।

এদিকে, জিয়া মিয়া ১০ দিন জেল খেটে কারাগার থেকে বের হয়ে গত ১৭ মার্চ এলাকায় যান। সেদিনই তার গ্রেপ্তার নিয়ে রহিম মিয়ার ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশত লোক আহত হন।

এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আক্তার মিয়া ও হাবিবুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আব্দুর রউফ জানিয়েছেন, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষ এখনো চলছে। দুর্গম হাওর এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেখানে যেতে বিলম্ব হয়েছে।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়