ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে সলিশে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ৪ ঘরে অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৩৪, ২৪ মার্চ ২০২৬
মাদারীপুরে সলিশে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ৪ ঘরে অগ্নিসংযোগ

নিহত জাকির শেখ

মাদারীপুরের রাজৈর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় জাকির শেখ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তদের চারটি ঘরে অগ্নিসংযোগ করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের স্ত্রী রেবা বেগম জানান, জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে সালিশে অংশ নিতে যান জাকির শেখ।

সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম এবং মেয়ে তাজনূর বেগমকে গুরুতর জখম করে। স্বজনরা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রেবা বেগম ও তাজনূর বেগমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী মজিদ খান ও তার ভাইদের চারটি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়