ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতীয় প্ল্যাটফর্মে শীর্ষে আরিফিন শুভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩৪, ২৪ মার্চ ২০২৬
ভারতীয় প্ল্যাটফর্মে শীর্ষে আরিফিন শুভ

আরিফিন শুভ

আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অভিষেক হলো ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লাইভ-এ মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ টানা দুই দিন ধরে ভারতে ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। প্রথম কাজেই এমন সাফল্য শুভর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। 

গত ১৯ মার্চ সিরিজটি প্রকাশের পর ২৩ মার্চ প্রথমবার ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে ‘জ্যাজ সিটি’। এরপরও সেই অবস্থান ধরে রেখেছে ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ। শুধু দর্শকপ্রিয়তাই নয়, ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোতেও শুভর অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। 

আরো পড়ুন:

সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘জিমি রয়’ চরিত্রকে ঘিরে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করেছেন। একইসঙ্গে সনি লাইভ-এ এটিই প্রথম কোনো বাংলা ভাষার সিরিজ হিসেবে যুক্ত হয়েছে। 

‘জ্যাজ সিটি’ এর নির্মাণ, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। এর আগে জুবিলি সিরিজের সহ-স্রষ্টা হিসেবে প্রশংসিত হন। সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও অনেকে। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে উঠে এসেছে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্প। শক্তিশালী কনটেন্ট ও আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর কারণে ‘জ্যাজ সিটি’ ইতোমধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। 

সব মিলিয়ে বলা যায়, অভিষেকেই শীর্ষে উঠে আরিফিন শুভ শুধু নিজের অবস্থানই শক্ত করেছেন না, বরং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়