ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের পর্দায় পাঁচ নায়কের লড়াই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১২:৫১, ২১ মার্চ ২০২৬
ঈদের পর্দায় পাঁচ নায়কের লড়াই

ছবির কোলাজ

ঈদ উৎসব এলেই প্রেক্ষাগৃহের হাওয়া বদলে যায়। বছরের অন্য সময় যেখানে হলগুলো অনেকটা নিস্তব্ধ, সেখানে ঈদে দর্শকদের ভিড়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নতুন সিনেমা, নতুন গল্প, আর তারকারা।  

তারই ধারাবাহিকতায় এবারও মুক্তির মিছিলে রয়েছে পাঁচটি সিনেমা। তবে সবচেয়ে বড় আকর্ষণ—পাঁচ সিনেমার পাঁচ নায়ক। শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী—পাঁচজন, পাঁচ ধরনের অভিনয়, পাঁচটি আলাদা দর্শকগোষ্ঠী। ফলে লড়াইটাও একমাত্রিক নয়, বরং বহুমাত্রিক।

আরো পড়ুন:

শাকিব খান: ঈদের রাজা কী এবারও অপ্রতিরোধ্য?
ঈদের বাজারে শাকিব খানের উপস্থিতি যেন নিয়মে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে ঈদের সিঙ্গেল স্ক্রিন মানেই শাকিব খানের দাপট। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় তিনি হাজির হয়েছেন এক আন্ডারওয়ার্ল্ড চরিত্রে—যেখানে আছে ক্ষমতা, অন্ধকার আর উত্থানের গল্প। সিঙ্গেল স্ক্রিনে তার অবস্থান এখনও শক্ত। তবে এবার চ্যালেঞ্জটা একটু কঠিন—কারণ প্রতিপক্ষরাও নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত।

সিয়াম আহমেদ: ভিন্ন ধারার নায়ক, ভিন্ন চ্যালেঞ্জ
সিয়াম আহমেদ বরাবরই চরিত্রভিত্তিক কাজের জন্য পরিচিত। ‘রাক্ষস’ সিনেমায় জটিল ও দ্বৈত-স্বভাবের চরিত্রে ধরা দেবেন তিনি। প্রেম, সহিংসতা আর মানসিক দ্বন্দ্ব—সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন পরীক্ষা হতে পারে। সিনেপ্লেক্সের দর্শকদের মধ্যে তার গ্রহণযোগ্যতা থাকলেও, এবার তাকে প্রমাণ করতে হবে—বড় ক্যানভাসেও সমান শক্তিশালী তিনি।

আফরান নিশো: ওটিটি থেকে বড় পর্দার বড় বাজি
ছোট পর্দা আর ওটিটির জনপ্রিয় মুখ আফরান নিশো ‘দম’ সিনেমা নিয়ে ঈদের রেসে নামছেন। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় তার চরিত্রে আছে কষ্ট, বেঁচে থাকার সংগ্রাম আর মানসিক দৃঢ়তা। নিশোর জন্য এটি শুধু একটি সিনেমা নয়—বড় পর্দায় নিজের অবস্থান স্থায়ী করার লড়াই।

মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী: অভিনয়ের শক্তিতে ভিন্ন সমীকরণ
এই দুই নাম একসঙ্গে এলেই আলাদা প্রত্যাশা তৈরি হয়। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী—দুজনেই চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার জন্য পরিচিত। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তারা একেবারেই গল্পনির্ভর এক যাত্রার অংশ হয়েছেন। এখানে নায়ক-নায়িকার প্রচলিত সংজ্ঞা নেই, আছে মানুষের গল্প। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা হিসেবে এটিই হতে পারে বড় সুবিধা।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়