বাসে ছিলেন ৪০ জন যাত্রী, ঘটনাস্থলে উদ্ধারকারী ‘হামজা’
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়া বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওই বাসের একাধিক যাত্রী।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের তিন নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
জানা যায়, দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন।
সৌহার্দ্য বাসে থাকা আবদুল আজিজুল নামে এক যাত্রী জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে এই বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে বলেন, “যতদূর জানতে পারছি ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। আমাদের ডুবুরি টিম কাজ করতেছে, উদ্ধারকারী জাহাজ হামজা চলে আসছে, ওরাও কাজ করতেছে।”
ঢাকা/রবিউল/সাইফ
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা