কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে আগুনে পুড়ল বসতবাড়ি-গরু, ক্ষতি ১৫ লাখ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ একটি পরিবারের পাঁচটি ঘর ও সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন। রাতের আঁধারে হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত দেখতে পান তারা।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। পাশাপাশি একটি রান্নাঘর, তিনটি বসতঘর এবং ঘরের সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া, ঘরে মজুত থাকা প্রায় ২২ মণ ধান, ৪ মণ সরিষা ও আলুসহ বিভিন্ন খাদ্যশস্যও আগুনে ভস্মীভূত হয়।
খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজিজা বেগম বলেন, “আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। কষ্ট করে গড়া আমাদের সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।”
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
ঢাকা/সৈকত/জান্নাত
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা