নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সুবর্ণচরের ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ২৪টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত ২টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশঙ্কা, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত ২টার দিকে ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি ছিল এবং অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল, মুদি, কোল্ড কর্নার, ওষুধ ও ভাঙ্গারির দোকানসহ ২৪টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রুবেল মিয়া বলেন, “অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
ঢাকা/সুজন/মাসুদ