ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফি মিয়া (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফি শিমরাইল গ্রামের মধ্য পাড়ার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে।
পুলিশ রাফির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাফির মা আকলিমা বেগম জানিয়েছেন, বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে হলেও তিনি সন্তান নিয়ে কসবা পৌর শহরের মরা পুকুর পাড় এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। ঈদের পরদিন সন্তানসহ শিমরাইল সাত পাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে খেলছিল রাফি। পার্শ্ববর্তী জামাল মিয়ার নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন বিদ্যুৎ বিভাগের লোকজন। বাড়ির সামনে খোলা জায়গায় ফেলে রাখা রডের স্তূপের ওপর খেলছিল রাফি। এ সময় বিদ্যুৎ সংযোগ দিলে জামাল মিয়ার টিনের ঘরের বেড়ার মাধ্যমে মাটি ও রডের স্তূপও বিদ্যুতায়িত হয়। তখন রডের স্তূপের ওপর থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় রাফি।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই মারা যায় রাফি। তারপরও রাফির মামারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সুভাস চন্দ্র দাস জানিয়েছেন, তিনি এ বিষয়ে অবগত নন। কেউ অভিযোগও করেনি। বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে কাজ করতে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেছেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/পলাশ/রফিক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ