ধ্বংসস্তূপ থেকে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা হবে: হুইপ জি কে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বলেছেন, “ধ্বংসস্তূপ থেকে বের করে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা হবে। আমরা এ দেশে জন্মগ্রহণ করে গর্বিত এবং প্রমাণ করেছি যে নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসি।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, “দেশকে দাবিয়ে রাখার জন্য দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হয়নি। এখন সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার।”
বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন হুইপ জি কে গউছ। এ সময় তার সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
কুচকাওয়াজে পুলিশ, আনসার ও ভিডিপি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন হুইপ জি কে গউছ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ঢাকা/মামুন/রাজীব
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ