ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কমলাপুরে বাড়ছে ঢাকামুখী মানুষের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৬ মার্চ ২০২৬  
কমলাপুরে বাড়ছে ঢাকামুখী মানুষের ভিড়

ছবি: রাইজিংবিডি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের ছুটি শেষে মানুষের ফেরার দৃশ্য চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (২৬ মাচ) বিকেলে তেমনটিই দেখা গেল। স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ ছুটে চলার চেষ্টা করছেন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার। প্ল্যাটফর্মে ট্রেনের বাঁশি বাজার সাথে সাথেই শুরু হয় হুড়োহুড়ি। ট্রেন থেকে নামার সময় ব্যাগ  আর প্রিয়জনের দেওয়া উপঢৌকন হাতে যাত্রীদের চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও কাজে ফেরার তাগিদ, অনেককেই দেখা গেছে ছোট শিশু আর বয়স্ক বাবা-মাকে নিয়ে ফিরছেন।

আরো পড়ুন:

নেত্রকোনা থেকে ঢাকায় ফিরছেন পোশাককর্মী মো. আলম। তিনি বলেন, “গত বুধবার ঈদে করতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তবে অফিস খুলে গেছে। শুক্রবার কাজে যোগ দেব। গ্রামে গেলে আর আসতে মন চায় না।”

আহসান উল্লাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী হুমায়রা বলেন,  “এমনিতেই রোজার মাসে ঠিকমতো ক্লাস বা পড়াশোনা হয়নি। এ কারণে একটু আগে জামালপুরের গ্রামের বাড়ি থেকে চলে আসলাম। আশা করছি শনিবার থেকে ক্লাস শুরু করব। গ্রামে ঈদে খুব মজা করেছি।”

এদিকে, ট্রেন থেকে নামার পর স্টেশনের বাইরে শুরু হয় আরেক যুদ্ধ। রিকশা, সিএনজি এবং রাইড শেয়ারিং অ্যাপের চালকদের হাঁকডাক ছিল দেখার মতো। অনেকে অভিযোগ করেছেন, স্টেশনের বাইরে সিএনজি এবং ট্যাক্সি চালকরা বাড়তি ভাড়া দাবি করছেন।

জিআরপি থানা পুলিশ জানায়, পকেটমার বা ছিনতাইকারীর কবলে যাতে কেউ না পড়ে, সেজন্য রেলওয়ে পুলিশ  এবং আরএনবি সদস্যদের টহল অব্যাহত আছে।

স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে  বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বেড়েছে। আরো দুই দিন ছুটি থাকলেও মানুষেরা ফেরা আরো বাড়বে।”

ঢাকা/এমআর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়