বিভিন্ন স্থানে দুর্ঘটনা
৫৫ বছর যারা দেশ চালিয়েছে সবাইকে দায় নিতে হবে: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “আজ ৫৬ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনা প্রবণ। আধুনিক বিশ্বে এত দুর্ঘটনা আর কোথাও ঘটে না। বিগত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “অতীতের সকল সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত ছিল এই যোগাযোগ ব্যবস্থা। কিন্তু পদে পদে দুর্নীতির কারণে গণযোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নতুন সরকারের প্রতি আহ্বান করব, গণযোগাযোগ খাতে গুরুত্ব দিন। সকল ধরনের সিন্ডিকেটবাজিকে উপেক্ষা করুন। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্সসহ এই খাতের সকল স্তরে বিশ্বমান অনুসরণ করুন। কারণ এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা না, এগুলো পদ্ধতিগত গণহত্যার শামিল।”
বৈঠকে দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সাখে সমবেদনা জ্ঞাপন করা হয়।
উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন, মুফতি মানসুর আহমেদ সাকি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী