গাছে ঝুলছিল মরদেহ, পা ঠেকানো ছিল মাটিতে
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের কালিয়ায় একটি বাগানে গাছ থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেলে কালিয়া উপজেলার বাঁকা গ্রামে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল রশীদ খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে কয়েকজন পথচারী সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন। মরদেহটি গাছের সঙ্গে দড়িতে ঝুললেও তার পা মাটিতে ঠেকানো ছিল। পরে স্থানীয় লোকজন কালিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেছেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?”
ঢাকা/শরিফুল/রফিক
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব