খুমেকে ডিজিটাল হাজিরা মেশিন চুরি, পিয়ন বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) শিক্ষক হাজিরায় ব্যবহৃত ডিজিটাল ফেস ডিটেকটর মেশিন চুরির ১২ ঘণ্টার মাথায় সেটি উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা চোর প্রতিষ্ঠানটির এমএলএসএস কাউসারকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ প্রশাসন। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে কলেজে অধ্যক্ষের কক্ষে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এমএলএসএস কাউসার রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে কলেজের ওই কক্ষে প্রবেশ করে এবং ৩টা ৯ মিনিটে মেশিনটি হাতে নিয়ে বের হয়ে যায়। এ ঘটনায় পুরো কলেজ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
রবিবার সন্ধ্যায় কলেজের নৈশপ্রহরীরা দায়িত্ব পালনের জন্য আসলে নিচতলায় ডিজিটাল হাজিরা মেশিন দেখতে না পাওয়ায় অধ্যক্ষকে জানান। সোমবার সোনাডাঙ্গা থানা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে কাউসার চুরির বিষয়টি স্বীকার করে এবং মেশিন ফেরত দেয়। এ ঘটনার সঙ্গে একজন শিক্ষক ও বিভাগীয় প্রধানের জড়িত থাকার অভিযোগ ওঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এদিকে, এ ঘটনা তদন্তে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল হাসানকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি করা হয়। আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত এমএলএসএস কাউসারকে।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মাসুদ বলেছেন, “এ ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তের স্বার্থে কোনো তথ্যই প্রকাশ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে তদন্ত চলছে। খুব শিগগির আমরা বিস্তারিত জানাবো।”
ঢাকা/নূরুজ্জামান/রফিক
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব