ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে গুলিতে জেলের মৃত্যু, পরে বন বিভাগের কার্যালয়ে হামলা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ১৮ মে ২০২৬  
সুন্দরবনে গুলিতে জেলের মৃত্যু, পরে বন বিভাগের কার্যালয়ে হামলা

ফাইল ফটো

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকারের সময় বনবিভাগের টহল দলের ছোঁড়া গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। এর জেরে ক্ষুব্ধ জেলেরা বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন ও সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে।

আমিনুরের সঙ্গে থাকা জেলে আহম্মদ মোড়ল জানান, তিন দিন আগে বনবিভাগের পাশ নিয়ে দুই নৌকায় চারজন সুন্দরবনে কাঁকড়া শিকারের জন্য যান। সোমবার সকালে খুলনা রেঞ্জের পাটকোসটার ঝিলে এলাকায় কাঁকড়া ধরছিলেন তারা। এ সময় বনবিভাগের টহল দল তাদের ডাক দেয়। কাছে যেতে দেরি হওয়ায় গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, “গুলিতে জেলের মৃত্যুর ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক শ জেলে লাঠিসোঁটা নিয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ও পরে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা চালান। চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। ৩০ থেকে ৪০ মিনিট হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, “সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলছে। প্রকৃতপক্ষে কাদের গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমিনুর রহমানের নিহতের ঘটনায় বনরক্ষী কারো সংশ্লিষ্টতার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়