ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামাতের এমপিকে প্রধান অতিথি না করায় উত্তেজনা

নীলফামারী প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৫৫, ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামাতের এমপিকে প্রধান অতিথি না করায় উত্তেজনা

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নীলফামারীর ডোমার হাই স্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ বিশৃঙ্খলা হয়। 

আরো পড়ুন:

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব বিএনপির এক নেতাকে দেওয়ায় তিনি সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেননি। অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াতের নেতাকর্মী ও সংসদ সদস্যের উদ্দেশে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন।

তবে, অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেছেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিল না। এর পরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। কিছু দুষ্কৃতকারী অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে উত্তেজিত হয়ে আজেবাজে ভাষায় গালাগালি করে।”

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “সুন্দরভাবে অনুষ্ঠান চলছিল। তবে, এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয় আরো সুন্দরভাবে করতে হবে।”

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী বলেছেন, “স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” এ বিষয় নিয়ে আর বাড়াবাড়ি না হওয়ার প্রত্যাশা করেন তিনি।

ঢাকা/সিথুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়