ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাট-বলে ঝড় তুলে একাই ম্যাচ জিতালেন রফিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ মার্চ ২০২৬  
ব্যাট-বলে ঝড় তুলে একাই ম্যাচ জিতালেন রফিক

সময় যেন থমকে ছিল মিরপুরে। পুরোনো দিনের সেই পরিচিত দৃশ্য। বাঁহাতি স্পিন, ঝাঁজালো ব্যাটিং আর উদ্দাম উদযাপন। সব মিলিয়ে আবারও মুগ্ধ করলেন মোহাম্মদ রফিক। বয়স ৫৫, কিন্তু মাঠে তার উপস্থিতি ছিল একদম তরুণ ক্রিকেটারের মতোই। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক তারকাদের প্রদর্শনী ম্যাচে তিনি একাই হয়ে উঠলেন ম্যাচের কেন্দ্রবিন্দু।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট মাঠে দুই দলে ভাগ হয়ে নামেন দেশের সাবেক ক্রিকেটাররা। একদিকে ছিলেন শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা; অন্যদিকে রফিক, খালেদ মাসুদ পাইলটদের দল। তবে শেষ পর্যন্ত লড়াইটা একপেশেই হয়ে যায়। রফিকের দাপটে বড় ব্যবধানে জয় পায় লাল দল।

আরো পড়ুন:

প্রথমে ব্যাট করতে নেমে লাল দল গড়ে তোলে বিশাল সংগ্রহ; ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান। এই ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাসির উদ্দিন ফারুক, ৫৩ বলে খেলেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। তবে দর্শকদের আসল উচ্ছ্বাস ছিল রফিককে ঘিরেই।

মাত্র ২৩ বলেই তুলে নেন অর্ধশতক। চার-ছক্কার দারুণ মিশেলে তার ৫০ রানের ইনিংস যেন সময়কে পেছনে ফিরিয়ে নেয়। অর্ধশতক পূরণের পরের বলেই আউট হলেও নিজের কাজটা ঠিকই সেরে দেন তিনি।

সবুজ দলের হয়ে ফয়সাল হোসেন ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া রাজ্জাক, তালহা জুবায়ের ও আনোয়ার হোসেন একটি করে উইকেট পান।

২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সবুজ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় ইনিংস।

শাহরিয়ার নাফিস ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, আশরাফুলের এক ওভারে দুটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু দলের অন্য কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।

এদিকে বল হাতে আবারও আলো ছড়ান রফিক। নিজের প্রথম বলেই উইকেট নিয়ে ম্যাচে জানান দেন। এরপর একে একে মোট ৪ উইকেট শিকার করেন তিনি। তার উদযাপন ছিল নজরকাড়া- নাচতে নাচতে উইকেট উদযাপন দেখে বোঝার উপায় ছিল না, তিনি ৫৫ বছরের একজন সাবেক ক্রিকেটার।

তার সঙ্গে বোলিংয়ে দারুণ সহায়তা দেন ইলিয়াস সানি, যিনি একাই নেন ৫ উইকেট।

শেষ পর্যন্ত ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাল দল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়