ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০৭, ২৬ মার্চ ২০২৬
মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহেশপুর হাই স্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা চলাকালে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মরণ করলেও বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি, এ অভিযোগ তুলে বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন। তবে, অনুষ্ঠানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠান বর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতারা জানান, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়