দীর্ঘসময় তেলের জন্য লাইনে দাঁড়ানো একজনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের কাহারোলে মোটরসাইকেলের তেলের জন্য গরমের মধ্যে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
নিহতের নাম এনায়েতুল করিম, বয়স ৪৮ বছর। তিনি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। পেশায় একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন তিনি।
এনায়েতুল করিম এক ছেলে ও এক মেয়ের বাবা। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাড়িতে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা হাসপাতাল-সংলগ্ন আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে নেওয়া হয় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।”
কাহারোল থানার ওসি শ্যামল চন্দ্র বর্মণ বলেন, “বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/মোসলেম/রাজীব
সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী