পদ্মায় বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৭ জন পুরুষ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী থাকার কথা জানিয়েছেন বাসের কুমারখালী কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ।
এদিন দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিকেলে সেটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার অপেক্ষায় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি হঠাৎ চলতে শুরু করে। তখন চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এটি পন্টুন পেরিয়ে উল্টে পদ্মায় পড়ে সঙ্গে সঙ্গে তলিয়ে যায়। ডুবন্ত বাস থেকে কয়েকজন সাঁতরে বের হতে পারলেও বেশির ভাগ যাত্রী আটকা পড়েন।
বাসটি নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র চেষ্টায় বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসটির সামনে অংশ নদীর উপরে উঠে আসে। নদীর গভীর থেকে বাসটি টেনে তুলতে শুরু করলে একে একে লাশের সংখ্যা বাড়তে থাকে।
রাতেই একে একে ২৩ জনের লাশ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার উদ্ধারকারী দলের তৎপরতায় উদ্ধার করা হয় আরো তিনজনের মরদেহ।
এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা/রবিউল/রাজীব
সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী