ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গফরগাঁওয়ে বালু ঘাট নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৭ মার্চ ২০২৬  
গফরগাঁওয়ে বালু ঘাট নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সংঘর্ষ চলাকালে বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়কের লোকজনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনস্থ গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন তার দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যান। স্থানীয়রা বাধা দিলে মুক্তার তার দলবল নিয়ে ফিরে যান। মুক্তার হোসেন বৃহস্পতিবার মোটরসাইকেল বহর নিয়ে সরকারি কলেজ এলাকায় আবারো বালুর ঘাট দখল করতে যান। 

অভিযোগ উঠেছে, এসময় মুক্তার এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করেন ও নৌকা পুড়িয়ে দেন। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে। মুক্তার ও তার লোকজন পালিয়ে যান। এ সময় তার লোকজনের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী। এ ঘটনায় মাঝি ছাড়া কেউ আহত হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও সরকারি কলেজ গেইট বালু ঘাট দখল নিয়ে ছাত্রদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের বিষয়টি শুনেছি। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মুক্তারকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন। বিষয়টি নিয়ে আরো তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ-আল-মামুন জানান, সরকারি কলেজ বালু ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অধীনে। বৃহস্পতিবার দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কে বা কারা বালু ঘাট দখল করতে গিয়েছিল তা জানা নেই।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়