দৌলতদিয়ায় আজও চলছে অভিযান, ঘটনাস্থলে তদন্ত কমিটি
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দৌলতদিয়ার পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনাস্থল রবিবার পরিদর্শন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল। রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে তারা মরদেহের সন্ধানে তারা অভিযান শুরু করেন।
এদিকে, বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে ও দায়ীদের শনাক্তে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকাল ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মাহিদুল ইসলাম দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, “আমরা ঘাট এলাকায় অবস্থান করছি। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ও লাশ ভেসে গিয়েছে কিনা তা দেখতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকাগুলো তল্লাশি করছি।”
তিনি বলেন, “এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কোন মরদেহ নদীতে আছে কি না, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যহত থাকবে।”
ঢাকা/রবিউল/মাসুদ
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী