খুলনা-যশোর মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুরের রেলিগেট মোড় এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় অবস্থান নেন তারা। শ্রমিকরা দুপুর ২টার দিকে সেখান থেকে সরে যান।
খুলনার দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা নগরীর রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটে পড়েছে। গত ৯ মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত কাঁচাপাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে, আজ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, “দ্রুত কাঁচাপাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি: তথ্যমন্ত্রী