ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইতালিতে আরো বাংলাদেশি নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৯ মে ২০২৬   আপডেট: ১৪:৪৩, ১৯ মে ২০২৬
ইতালিতে আরো বাংলাদেশি নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত

বৈধ পথে আরো বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণের জন্য ইতালি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাশাপাশি গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজের প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান মন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে।” 

তিনি ইতালির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করে গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার বিষয়ে নলেজ শেয়ারিংয়ের আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো বলেন, “ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে। তারা বাংলাদেশ ও ইতালি উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে সমুদ্র পথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

অভিবাসন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন চলমান রয়েছে। বিগত এক বছরে বাংলাদেশ থেকে ২০ হাজার মানুষ ইতালিতে অভিবাসী হয়েছেন।

সাক্ষাতে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও বৈধ পথে ইতালিতে বাংলাদেশি অভিবাসন বৃদ্ধির অনুরোধ জানান।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়