ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বনলতা সেন’ নিয়ে নির্মাতা-সহপ্রযোজকের বিরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ মে ২০২৬   আপডেট: ১৪:১৩, ১৯ মে ২০২৬
‘বনলতা সেন’ নিয়ে নির্মাতা-সহপ্রযোজকের বিরোধ

‘বনলতা সেন’ সিনেমায় এমন লুকে দেখা যাবে খায়রুল বাশার ও নাবিলাকে

দীর্ঘ প্রতীক্ষার পর ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির নির্মাতা ও সহ-প্রযোজকের বিরোধ। পাল্টাপাল্টি অভিযোগের কারণে বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। 

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরেই সিনেমাটির মুক্তির খবর শোনা গেলেও নানা জটিলতায় তা বারবার পিছিয়ে যায়। এরই মধ্যে সহ-প্রযোজক তরুণ মজুমদারের সঙ্গে নির্মাতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। 

আরো পড়ুন:

সম্প্রতি সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরপরই সামনে আসে দুই পক্ষের আইনি বিরোধের বিষয়টি। 

এ প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “আদালতের নির্দেশনা অনুসরণ করেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।” তবে সহ-প্রযোজক তরুণ মজুমদারের দাবি, আদালত উভয় পক্ষকে সমঝোতার ভিত্তিতে সিনেমা মুক্তির নির্দেশ দিলেও সেই নির্দেশনা মানা হয়নি। 

সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, ‘বনলতা সেন’ নির্মাণের জন্য নির্মাতা উজ্জ্বলের কাছে মোট ৬১ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি। এর মধ্যে প্রথমে ৪০ লাখ এবং পরে আরো ২১ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু সিনেমা মুক্তির প্রক্রিয়ায় তাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি তার। 

সেন্সর বোর্ডে সিনেমা জমা দেওয়ার সময়ও সহ-প্রযোজক হিসেবে তরুণ মজুমদারের নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় সেন্সর বোর্ডে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। 

তরুণ মজুমদার বলেন, “সিনেমার কাজ শুরুর পর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু পরে সিনেমা নিয়ে কোনো তথ্য জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে আমি টাকা ফেরত নিয়ে সিনেমা থেকে সরে যেতে চাই। কিন্তু তিনি টাকা ফেরত দেননি। এরপর বাধ্য হয়ে আইনি প্রক্রিয়ায় যেতে হয়েছে।” 

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, “এটি মূলত ব্যবসায়ীক অংশীদারিত্বের জায়গা থেকে শুরু হয়েছিল। চুক্তিও হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই তিনি প্রতারণার অভিযোগ এনে আদালতে গেছেন। মামলার তদন্তও হয়েছে। সিনেমা নির্মাণ শেষ হওয়ার পর কোনো প্রযোজক যদি টাকা ফেরত চান, সেটা একজন নির্মাতার পক্ষে সঙ্গে সঙ্গে দেওয়া কীভাবে সম্ভব?” 

সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই আনুষ্ঠানিকভাবে প্রযোজক হিসেবে থাকে। পাশাপাশি তরুণ মজুমদার প্রযোজক সমিতির সদস্য নন বলেও উল্লেখ করেন মাসুদ হাসান উজ্জ্বল। 

সিনেমা থেকে সহ-প্রযোজকের সরে দাঁড়ানোর প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “সিনেমার বেশিরভাগ কাজ শেষ হওয়ার পর তিনি বেরিয়ে যেতে চান এবং সুদসহ বিনিয়োগের টাকা ফেরত চান। সেই সময়ে এত বড় অঙ্কের টাকা ফেরত দেওয়া বাস্তবসম্মত ছিল না। এরপর তিনি আইনি ব্যবস্থা নেন। আমি বরং চেয়েছি সিনেমাটি সুন্দরভাবে দর্শকের কাছে পৌঁছাক।” 

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়