মেটার ৮ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন
মেটার সিইও মার্ক জাকারবার্গ
ফেসবুক-এর মালিক প্রতিষ্ঠান মেটা আবারো ব্যাপক আকারে কর্মী ছাঁটাইয়ের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল বুধবারের (২০ মে) মধ্যে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে। চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে থাকা কর্মীদের জন্য ইতিমধ্যে কোম্পানির পক্ষ থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মে) মেটার এইচআর বিভাগের প্রধান জ্যানেল গ্যাল অভ্যন্তরীণ একটি ‘এমপ্লয়ি রিসোর্স গ্রুপ’-এ এই সংক্রান্ত একটি নোট পোস্ট করেছেন। সেখানে বুধবার ঠিক কী কী ঘটতে যাচ্ছে, সে বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছে। মেটার দুজন কর্মী, যারা এই নোটটি দেখেছেন, তাদের মাধ্যমেই তথ্যটি জানা গেছে।
এইচআর প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, চাকরিচ্যুতির এই প্রক্রিয়াটি চব্বিশ ঘণ্টা জুড়ে বিশ্বব্যাপী চলবে। বিভিন্ন অঞ্চলের স্থানীয় সময় ভোর ৪টা থেকে শুরু করে মোট তিনটি ধাপে কর্মীদের কাছে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হবে। এই দফার ছাঁটাইয়ে প্রায় ৮ হাজার কর্মী তাদের চাকরি হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মেটা জানিয়েছে, কোম্পানির সাংগঠনিক স্তর কমিয়ে আরো গতিশীল ও সমতল করার লক্ষ্যে অসংখ্য ম্যানেজার পদ বিলুপ্ত করা হচ্ছে। জ্যানেল গ্যাল তার বার্তায় উল্লেখ করেন, “আমরা এখন এমন একটি পর্যায়ে আছি যেখানে বড় টিম ছাড়াই ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ দল দিয়ে আরো দ্রুত এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ পরিচালনা করা সম্ভব।”
ছাঁটাইয়ের পাশাপাশি মেটা তাদের বড় ধরনের কৌশলগত পরিবর্তনের দিকে হাঁটছে। ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
জ্যানেল গ্যাল জানান, মেটা তাদের ৭ হাজারেরও বেশি কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নতুন নতুন উদ্যোগে স্থানান্তরিত করবে। তিনি কর্মীদের আরো জানান, ছাঁটাইয়ের পাশাপাশি কোম্পানির বিভিন্ন বিভাগের লিডাররা সাংগঠনিক পরিবর্তনের ঘোষণাও দেবেন।
বিজনেস ইনসাইডার জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মেটা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কর্মীদের দেওয়া এই নোটের খবরটি রয়টার্স প্রথম প্রকাশ করে।
টানা ছাঁটাইয়ের ঘোষণায় মেটার বর্তমান কর্মীদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বিজনেস ইনসাইডারকে বলেন, “কর্মীরা এখন ‘অপেক্ষার প্রহরে’ আছেন- কার চাকরি যাচ্ছে আর কে থাকছেন, তা জানার জন্য।”
বিজনেস ইনসাইডারের আগের প্রতিবেদন অনুযায়ী, মেটার শীর্ষ কর্মকর্তারা কর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বুধবারের এই ১০ শতাংশ ছাঁটাইয়ের পরেও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরো কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঢাকা/ফিরোজ
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর