ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লালমনিরহাটে নাসীরুদ্দীন পাটওয়ারী 

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৯ মে ২০২৬   আপডেট: ১৬:৪০, ১৯ মে ২০২৬
সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত

নাসীরুদ্দীন পাটওয়ারী।

সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেছেন, “সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে আমাদেরকে দায়িত্ব দিক। আমরা সরকারে এলে, ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব।” 

আরো পড়ুন:

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন, এ অভিযোগ করে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, “তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে।”

তিনি বলেন, “খাদিমুলের বাবা জানিয়েছেন, তার ছেলে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন। অথচ, বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে, তা পুরোটাই বিএসএফের সাজানো বয়ানের কপি। আমরা মনে করি, বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করে না।” 

ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে ‘বর্বর ও খুনি বাহিনী’ আখ্যায়িত করে বিএনপির মুখ্য সমন্বয়ক বলেন, “তারা বাংলাদেশের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। যুবসমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সীমান্তে মাদক ও ইয়াবা সরবরাহ করছে ভারত।” 

কয়েকদিন আগে কসবায় ঘটে যাওয়া চারটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি এ বিষয়ে সরকারের সম্পূর্ণ নীরবতার সমালোচনা করেন এবং সীমান্ত রক্ষায় বিজিবিকে আরো শক্তিশালী করার জোর দাবি জানান।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন শেখ মুজিবের গুণ্ডা বাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালাচ্ছেন।” 

বর্তমান সরকারকে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার লিয়াজোঁ বা আঁতাত না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অস্থিরতা বিরাজ করছে, উল্লেখ করে তিনি সরকারকে অবিলম্বে ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান এবং সীমান্তবাসীকে নিজেদের সুরক্ষায় সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন।

সীমান্তে নিহতদের সবার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে প্রতিটি সীমান্ত-শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় ছাত্র-যুব সংগঠনের ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা/সিপন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়