শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত শুভেন্দুর
রাজ্যের নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে আপোষ নয় এ কথা আগেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সীমান্ত সিল করার নির্দেশ দেওয়ার পাশাপশি, সীমান্তে কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার একধাপ এগিয়ে উত্তরবঙ্গের চিকেন নেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে আটকে থাকা এই জমি হস্তান্তর প্রকল্প সরকার পরিবর্তনের সঙ্গে ইতিমধ্যেই গতি পেয়েছে। ইতিমধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। যে সব জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে তা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি।
তবে শুধু জমি নয়, দেশের সুরক্ষার কথা ভেবে রাজ্যের হাতে থাকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের সাতটি সড়ক ন্যাশানাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি (দার্জিলিং মোড়)–কার্শিয়াং–দার্জিলিং সম্পূর্ণ অংশ।
এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকায় পরিবহণ ব্যবস্থায় গতি আসবে বলেও মত ওয়াকিবহাল মহলের। শুধু তাই নয়, দ্রুত সরঞ্জাম থেকে শুরু করে রেশন সীমান্ত এলাকায় থাকা সেনাঘাঁটিগুলিতে পৌঁছানো সম্ভব হবে।
ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের শিলিগুড়ি করিডোর অত্যন্ত সংবেদনশীল। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন ঘেরা এই করিডোর গোটা উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।
ঢাকা/সুচরিতা/শাহেদ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু