ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মার চরে ডাকাতের গুলিতে ২ জেলে আহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৯ মে ২০২৬  
পদ্মার চরে ডাকাতের গুলিতে ২ জেলে আহত

ফাইল ফটো

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ডাকাতরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৯ মে) বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, রাতে গোলাগুলি ঘটনা স্থানীয়রা জানিয়েছে। পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থলে রক্তের দাগ দেখতে পেয়েছে।

আহত জিয়াউল হককে উদ্ধার করে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধরে নেওয়া ব্যক্তির নাম স্বপন ব্যাপারী। 

পুলিশ জানায়, কালিদাসখালি চরে সশস্ত্র একদল ডাকাত নৌকা বা ট্রলার নিয়ে এসেছিল। এ সময় স্বপন ডাকাতদের দেখার জন্য টর্চলাইট জ্বালায়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা গুলি চালালে স্বপন ও জিয়াউল আহত হন। 

নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, “রাত ১২টার দিকে দুইটা ট্রলারে ১৫ থেকে ১৬ জন আসে। তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে দেখি আমাকে তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। এসময় তারা বাড়ির সামনে আমার ছেলে স্বপনকে ধরে ফেলে। তাকেও গালাগালির একপর্যায়ে গুলি করে ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।”

তিনি বলেন, “স্বপন কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে এ বিষয়ে কিছুই জানি না। আহত জিয়াউলকে স্বজনরা হাসপাতালে নিয়ে গেছে। এটা এলাকার মানুষ দেখেছে।”

চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, “এখানে বালুরঘাট রয়েছে। বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। রাতে আসলে কি ঘটনা ঘটেছিল সেটি এখনো ভালোভাবে জানা যায়নি। স্বপন এবং জিয়াউর নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। জিয়াউরকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে স্বপনকে পাওয়া যায়নি।”

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, “রাতে গোলাগুলি ঘটনা স্থানীয়রা জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা সেখানে গিয়ে রক্তের দাগ দেখতে পেয়েছে। আহত স্বপনকে উদ্ধারের চেষ্টা চলছে। জিয়াউলকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। এখনো থানায় অভিযোগ দেয়নি কেউ। ডাকাত দলে কারা ছিল তাদের আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/মাহী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়