ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩০ দিনে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের ২০৮ ফ্লাইট বাতিল

রেজাউল করিম, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১১, ২৯ মার্চ ২০২৬
৩০ দিনে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের ২০৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো

ইরানের স‌ঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যু‌দ্ধের কার‌ণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ৩০ দিনে মধ্যপ্রাচ্যগামী ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চট্টগ্রাম থেকে ওই অঞ্চলে বিমান যোগাযোগ প্রায় অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ শনিবার (২৮ মার্চ) মধ্যপ্রাচ্যের সাতটি ফ্লাইট বাতিল হয়, যা পরিস্থিতি অবনতির ইঙ্গিত দিচ্ছে।

আরো পড়ুন:

বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং বিভিন্ন দেশের আকাশসীমায় বিধিনিষেধের কারণে মধ্যপ্রাচ্যের একাধিক রুটে ফ্লাইট বাতিল বা সীমিত করা হচ্ছে। ফলে প্রবাসী কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, “শনিবার বাতিল হওয়া ৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এছাড়া, ইউএস বাংলা এয়ারলাইন্সের দোহাগামী একটি ডিপার্চার ফ্লাইট, এয়ার এরাবিয়ার শারজাহ থেকে একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের পাঁচটি অ্যারাইভাল ও চারটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।”

তিনি বলেন, “২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে আরো ফ্লাইট বাতিল হতে পারে এমন আশঙ্কা রয়েছে।”

বিশ্বব্যাপী বিমান চলাচল বিশ্লেষণকারী সংস্থাগুলোর তথ্যে দেখা গেছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমায় আংশিক বা সম্পূর্ণ বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে দুবাই, দোহা, আবুধাবি, কুয়েতসহ গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবগুলোতে ব্যাপক ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা বন্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বজুড়ে হাজারো ফ্লাইট বাতিল হয়েছে এবং অনেক এয়ারলাইন্স বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

এ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের যাতায়াতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারায় ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে টিকিট পুনঃনির্ধারণ, অতিরিক্ত ভাড়া এবং সময়সূচি পরিবর্তনের কারণে আর্থিক চাপও বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামসহ বাংলাদেশের অন্যান্য আন্তর্জাতিক রুটেও ফ্লাইট সংকট অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়