মশার কয়েলের আগুনে পুড়েছে গবাদিপশু-ঘর, দগ্ধ ২
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগুনে বসতঘর পুড়ে গেছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর, ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে গেছে। দুইজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর কাচারিপাড়ার কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু, চারটি ছাগল, একটি মোটর সাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দুর্ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক অগ্নিদগ্ধ হন। তাদের পালন করা গবাদিপশু রক্ষা করতে গিয়ে তারা দগ্ধ হয়ে আহত হয়। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সব কিছু প্রায় পুড়ে গেছে। গরুর ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’’
আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/কাঞ্চন/বকুল