মধ্যরাতে আগুনে পুড়লো ভাঙারি গোডাউন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় ভাঙারি গোডাউনে বুধবার রাতে আগুন লাগে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় একটি ভাঙারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ মে) মধ্যরাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস অফিসের বিপরীতে অবস্থিত গোডাউনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছোট্ট মিয়া জানান, রাত ১২টার দিকে তার ভাঙারির গোডাউনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার আগুনে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, “ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ