নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই লুটপাট-হত্যা
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম একই গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী ৪-৫ জন ডাকাত তার স্বামীর নাম ধরে ডাক দেয়। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে এবং তার স্বামীর হাত-পা বেঁধে মারধর করে। তাকেও হাত-পা বেঁধে মারধর করে ওই ব্যক্তিরা চাবি ছিনিয়ে নেয়।
তিনি জানান, ডাকাতরা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। চিনে ফেলার কারণে তারা নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে এমন দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ