ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১৪ মে ২০২৬   আপডেট: ১০:০৪, ১৪ মে ২০২৬
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ঘটনাটি ঘটে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত খাদেমুল একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে খাদেমুলসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকা দিয়ে ভারত সীমান্ত এলাকায় যান। তারা কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়