পাটগ্রাম সীমান্তে বিএসএফের গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা, উত্তেজনা
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ ও ৮৭৪ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত অবস্থান নিলে বিএসএফ পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জোংড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন এলাকায় গরু ঘাস খাচ্ছিল। বিএসএফের কয়েকজন সদস্য প্রথমে সেখানে উপস্থিত হয়ে ঘাস কাটতে থাকা দুই নারীকে বাধা দেয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গরুগুলোর দড়ি কেটে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নারীরা চিৎকার দিলে গরুর মালিকসহ এলাকাবাসী ছুটে গিয়ে বাধা দেয়। বাংলাদেশিদের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্য এবং ভারতীয় নাগরিকরা লাঠিসোঁটা নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেয়। বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে বাংলাদেশিদের দিকে তেড়ে আসার চেষ্টা করলে দুই দেশের মানুষ সীমান্তের জিরো পয়েন্টে মুখোমুখি অবস্থানে চলে আসে। খবর পেয়ে ধবলগুড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের শান্ত করে নিরাপত্তার দায়িত্ব নেয়। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা ফিরে যেতে বাধ্য হয়।
গরুর মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘‘আমার গরুগুলো সীমান্তে ঘাস খাচ্ছিল। বিএসএফ হঠাৎ এসে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে নারীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে সীমান্ত এলাকার কয়েকশত মানুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বাধা দেয়।’’
জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা হয়। বিজিবি সময়মতো পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।’’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপর সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়। মূলত বিজিবি বিষয়টি তদারকি করছে এবং তাদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।
ঢাকা/সিপন/বকুল
বাংলাদেশের ঐতিহাসিক জয়। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারাল বাংলাদেশ।