সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেনকে ভ্যানে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার পৌরসভায় ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/অনিক/মাসুদ