হামে শিশু মৃত্যুর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামের প্রভাবে শিশু মৃত্যুর প্রতিবাদে ও হামের প্রাদুর্ভাব রোধে পর্যাপ্ত সরকারি পদক্ষেপ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছেন বামপন্থি শিক্ষার্থীদের একাংশ।
বুধবার (১৩ মে) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের ‘হামে শিশু মরে, সরকার কী করে’, ‘অবহেলায় জড়িতদের বিচার কর, শাস্তি দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদ বলেন, “জুলাই-পরবর্তী সময়ে আমরা অনেক উৎসাহ-উদ্দীপনা দেখেছিলাম। যাদের কাঁধে ভর করে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই তরুণদের মধ্যেও এখন আর সেই উদ্দীপনা নেই। আমরা যে আবেগ নিয়ে সরকারকে সমর্থন দিয়েছিলাম, সেই জায়গা থেকেই বলতে চাই— চিকিৎসার অভাবে যেন আর কোনো মানুষ হামে আক্রান্ত হয়ে মারা না যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি পৌঁছে দিতে হবে।”
এ সময় বাম সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোটের’ মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, “গত তিন মাসে দেশে প্রায় সাড়ে চারশ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত শিশুদের অধিকাংশের বয়স ছয় মাস থেকে দেড়-দুই বছরের মধ্যে। অথচ সরকার বার বার এ দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দাবি করছে ৯৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জরিপ অনুযায়ী এখনো প্রায় ৪০ শতাংশ শিশু টিকার বাইরে রয়েছে।”
তিনি আরো বলেন, “একজন শিশুকে কবর দিতে নেওয়ার সময় আইসিইউ বরাদ্দ দেওয়া হচ্ছে—এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থার করুণ চিত্র। দেশে পর্যাপ্ত আইসিইউ নেই, হাসপাতালগুলোতেও হামের রোগীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে সরকার দোষারোপ নিয়েই ব্যস্ত।”
ফুয়াদ রাতুল বলেন, “শিশুদের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। বর্তমান সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে।”
বিক্ষোভ সমাবেশে বামজোটের বিভিন্ন নেতাকর্মী ও প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।
ঢাকা/ফাহিম/জান্নাত