ময়মনসিংহে রেলপথ প্রতিমন্ত্রী
লোকোমোটিভ ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার চিন্তা রয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, “রেলওয়ের লাইন, সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধু লোকোমোটিভ ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে। বেসরকারি বিনিয়োগ বাস্তবায়ন করা গেলে লোকোমোটিভ এবং কোচ আমদানির সময় সংক্ষিপ্ত করা সম্ভব হবে।”
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ জানান, ময়মনসিংহের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা-ময়মনসিংহ রুটসহ সারা বাংলাদেশে ডুয়েলগেজ ডাবল রেল লাইন, ঢাকার সঙ্গে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করা, ময়মনসিংহ স্টেশনের আধুনিকায়ন ও রিমডেলিং, যানজট নিরসনে লেভেল ক্রসিংগুলোর আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।”
তিনি জানান, বন্ধ লোকাল ট্রেন চালুকরণের বিষয়ে উদ্যোগ গ্রহণ, ইঞ্জিন সংকট দূরীকরণসহ যাত্রীসেবার মান বৃদ্ধি করার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এমনটি আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
হাবিবুর রশিদ জানান, সংকট থেকে উত্তরণের জন্য এবং রেলের সমস্যাগুলো দূর করতে আরো দুই বছর সময় প্রয়োজন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/মিলন/মাসুদ
হামে আরো ৭ শিশুর মৃত্যু