চট্টগ্রামে রেলের টিকিটিংয়ে ত্রুটি স্বীকার, সফটওয়্যার উন্নয়নের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থায় বিদ্যমান সমস্যা ও অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তিনি ফটওয়্যার উন্নয়নের নির্দেশনা প্রদানের কথা জানান।
শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা সরকারের নজরে এসেছে। এ নিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সফটওয়্যারের কিছু দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে তা বেশি দামে বিক্রির অভিযোগও পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি চক্র অনিয়ম করছে। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে টিকিটিং সফটওয়্যার আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে, কোনো ধরনের কালোবাজারি বা অনিয়মের সুযোগ বন্ধ করা এবং যাত্রীদের জন্য সহজ ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ নিশ্চিত করা।
এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালু করা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও তা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, ট্রেন সেবাকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে। যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ ও আরামদায়ক যাতায়াত করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা/রেজাউল//